২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় দোকান বন্ধ করে বিক্রি এখন অর্ধেক

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশ মানতে গিয়ে রাজধানীর বিপণিবিতানগুলোতে বিক্রি ৪০ থেকে ৫০ ভাগ কমে গেছে। চরম ক্ষতির মুখে পড়ে আগামী মাস থেকে কর্মচারী ছাঁটাইয়ের কথা ভাবছেন অনেক দোকান মালিক। এই অবস্থায় ব্যবসায়ী ও কর্মচারীদের অস্তিত্বের স্বার্থে সন্ধ্যা ৭টার পরিবর্তে কমপক্ষে রাত ৮টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন মালিক সমিতির নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, “বৃহস্পতিবার বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা সমস্যাগুলো জানিয়েছি। এখনকার নিয়মে শুধু ব্যবসারই ক্ষতি হচ্ছে না, দেশের অর্থনীতির ওপরও চাপ বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী মাস থেকে কর্মচারী ছাঁটাই করতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।”

দোকান মালিকরা জানান, সকাল ১০টায় দোকান খুললেও অফিস আদালতে ব্যস্ত থাকায় ক্রেতারা সারাদিন কেনাকাটা করার সময় পান না। মূলত বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা পরিবার পরিজন নিয়ে বিপণিবিতানগুলোতে আসেন। এ কারণে সন্ধ্যার পরই  কেনাবেচা জমে উঠতে শুরু করে। অথচ সরকারের নির্দেশে সন্ধ্যা ৭টায় আমাদের দোকান বন্ধ করে দিতে হচ্ছে। তার ওপর লোডশেডিংতো আছেই।

ব্যবসায়ীরা বলেন, সরকার সাত দিনই দোকান খোলা রাখার অনুমতি দিলেও খুব একটা লাভ হচ্ছে না। তাছাড়া সবসময় সাত দিনই দোকান খোলা রাখা যায় না। খোলা রাখলে কর্মচারীদের ওভারটাইম দিতে হয়।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ--সভাপতি রেজাউল ইসলাম মন্টু বলেন, “আমাদের রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিতে হবে। প্রয়োজনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। দোকানগুলো সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে পারে। আলোকসজ্জাসহ অতিরিক্ত বিদ্যুৎ খরচের খাতগুলোও বন্ধ রাখা যেতে পারে। প্রয়োজনে সরকার জানিয়ে দিক কী কী করলে বিদ্যুৎ সাশ্রয় হবে। তবু আমাদের সময় বাড়িয়ে দেওয়া হোক।”

তিনি জানান, নতুন নিয়ম জারির পর থেকে বিক্রি ৪০ থেকে ৫০ ভাগ কমে গেছে। ব্যবসায়ীদের পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। মন্দার কারণে অনেক ব্যবসায়ী পুঁজি ভাঙতে শুরু করেছেন। অনেকেই কর্মচারী ছাঁটাইয়ের কথা ভাবছেন। আয় না থাকলে তারা কর্মচারীদের বেতন দেবেন কীভাবে?

জুরাইন পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজিমুল আলী নাজিম নফহবংি২৪.পড়স কে বলেন, “আমাদের পথে বসার অবস্থা হয়েছে। বিক্রি কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। ঋণের বোঝা আমাদের মাথায় চেপে বসছে।”

দোকান মালিকরা বলেন, আমারা সব দিক বিবেচনা করে ৭টার পর দোকান বন্ধ রাখতে রাজি হয়েছিলাম। এখন সেচ মওসুম শেষ হয়েছে। এসএসসি পরীক্ষা আগেই শেষ হয়েছে। এইসএসসি পরীক্ষাও প্রায় শেষ। সরকার বিভিন্ন সময়ে বলেছে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার কারণে দিনে ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। সরকার অন্য সেক্টরেও এটা করতে পারে। তাহলে আরও সাশ্রয় হবে।