ঐক্যবদ্ধ আন্দোলন করে ক্ষমতা আত্মসাতের প্রবণতাই দুই নেত্রীর বিপর্যয়ের কারণ:ইনু
দুই নেত্রী যে তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকবারই তাদের কাউকে না কাউকে সঙ্গে নিতে হয়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশের শাসনভার হাতে পাওয়ার পর সব ক্ষমতা আত্মসাতের প্রবণতাই দুই নেত্রীর বিপর্যয়ের কারণ। এই মন্তব্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর।
শুক্রবার দুপুরে রাজধানীর কল্যাণপুরের দারুস সালাম এলাকায় নিজ বাড়িতে নফহবংি২৪.পড়স কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, “প্রধান দুই নেত্রীকে বুঝতে হবে তারা কখনোই একা দেশ শাসন করতে পারেননি, আগামীতেও পারবেন না। তিনবারই তারা কাউকে না কাউকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন, নির্বাচনে অংশ নিয়েছেন এবং ক্ষমতায় গেছেন। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ফলে ক্ষমতার মুখ দেখলেও সব ক্ষমতা আত্মসাৎ করার প্রবণতাই তাদের বিপর্যয় ডেকে এনেছে।”
তত্ত্বাবধায়ক সরকার, সশস্ত্র বাহিনী, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের উপায় বের করা দরকার বলে মনে করেন হাসানুল হক ইনু। তার মতে ‘একলা চলো নীতি’ পরিহার করে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চালু করার সময় চলে এসেছে।
হাসানুল হক ইনু বলেছেন, “দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা বা নেত্রী যত বড়ই হোক না কেন প্রকাশ্য আদালতে বিচার করে তাদের সাজা দেওয়া উচিত। রাজনীতিকে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে সরকারের কোনো ছাড় বা ভারসাম্য রক্ষা করার নীতি নেওয়া ঠিক হবে না।”
ইনু মনে করেন, সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারলে প্রত্যেক প্রার্থী ভাগ্য পরীক্ষা করার সমান সুযোগ পাবেন। দেশের জনগণ প্রথমবারের মতো দেখতে পাবে প্রশাসন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে না। তবেই নির্বাচিত সরকার ও সংসদের যাত্রা মঙ্গলময় হবে।”
এ সরকারের ১২০ দিন মূল্যায়ন করতে গিয়ে জাসদ নেতা বলেন, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও তত্ত্বাবধায়ক সরকার অবাঞ্ছিত ষড়যন্ত্র ও চক্রান্তের নির্বাচন থেকে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। নির্বাচন কমিশনে সংস্কার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে দমন, কালোটাকা মুক্ত সমাজ গড়ে তুলতে দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও নির্বাচনের বাইরে রাখা এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা - এগুলো ছিলো আন্দোলনকারী মহাজোটের গুরুত্বপূর্ণ দাবি। এই দাবিগুলোর ওপর ভিত্তি করেই তত্ত্বাবধায়ক সরকার তাদের যাত্রা শুরু করে। এরমধ্যেই নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। প্রশাসন ও পুলিশে দলবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিলো। সেসব ক্ষেত্রেও শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে।
ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সশস্ত্র বাহিনী, নির্বাচন কমিশন ও রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের মধ্যে এর মধ্যেই ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব--বিরোধ দেখা দিয়েছে। এটা চলতে থাকলে গণতন্ত্রের জন্য বিপর্যয় দেখা দেবে। এজন্য এই চার অঙ্গনের কারোরই ‘একলা চলো নীতি’ আত্মঘাতী। এদের মধ্যে সমন্বয় সাধন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক কর্মপন্থা বের করা দরকার। তার প্রাথমিক ক্ষেত্র তৈরির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চালু করা দরকার।
পরিবারতন্ত্রকে রাজনৈতিক ব্যাধি হিসেবে বর্ণনা করে ইনু বলেন, বড় দুই দলের পাশাপাশি এখন অনেক দলেই পরিবারতন্ত্র দেখা দিয়েছে।
নতুন রাজনৈতিক দল সফল হওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়ে ইনু বলেন, “নতুন রাজনৈতিক প্লাটফর্মের সম্ভাবনা এ মুহূর্তে দেখছি না। নতুন রাজনৈতিক দল করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বা দুই দলের দাপট থেকে দেশ ও রাজনীতি মুক্ত হবে তাও নয়। প্রধান দুই দলের বিকল্প তৃতীয় মঞ্চ নয়। আমাদের দরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। রাজনীতি ও নির্বাচনে সুস্থ ধারা চালু হলেই নতুন নেতৃত্ব তৈরি হবে।”
ইনুর মতে, “সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। ঐক্যের ভিত্তিতে সংস্কার করতে হবে। এজন্য জাতীয় সরকার দরকার। ঐক্যবদ্ধ জাতীয় সরকারই রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি আটকাবে।”
১৪ দলের ভবিষ্যত জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ১৪ দলীয় জোট শুধু আন্দোলন বা নির্বাচনের জন্য নয়। এই জোট প্রগতিশীল - গণতন্ত্রমনা রাজনৈতিক জোট।
