২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নারী সাংবাদিকের আত্মহত্যা, শাশুড়ি কারাগারে

সিলেটে সাংবাদিক রাহেনা বেগমের আত্মহত্যার ঘটনায় তার শাশুড়ি আয়েশা বেগমকে (৬০) শুক্রবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় দৈনিক পত্রিকা শ্যামল সিলেট এর নিজস্ব প্রতিবেদক রাহেনা বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 11:01 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মৃত্যুর আগে নিজের হাতে লেখা এক চিঠিতে রাহেনা জানান, শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামে বাবার বাড়িতে রাহেনার লাশ দাফন করা হয়। দাফন শেষে রাহেনার স্বামী আশিকুজ্জামান বলেন, “আমার সব শেষ হয়ে গেল। আমাদের দেড় বছরের মেয়ে সুকন্যাকে নিয়ে এখন আমি কি করবো বুঝতে পারছি না।”

আশিকউদ্দিন জৈন্তাপুরে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি একটি কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে বাসায় ফিরে স্ত্রীর লাশ দেখতে পান তিনি।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাহেনার শোয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত রাহেনার লাশ উদ্ধার করে।

আবদুন নূর আরো জানান, রাহেনার ভাই আফতাবুর রহমান ওই রাতেই রাহেনার শাশুড়ি আয়েশা বেগম ও ননদ শাপলাকে আসামি করে একটি মামলা করেছেন। এর ভিত্তিতেই শাশুড়িকে গ্রপ্তার করা হয়েছে।

এদিকে আশিকুজ্জামানের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রাহেনার ননদ শাপলা বেগম লন্ডনে থাকেন। আয়েশা বেগম অনেকদিন ধরেই রাহেনাকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। শাপলাও ফোন করে এ ব্যাপরে রাহেনাকে চাপ দিতেন। 

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতয়ালী থানার উপ পরিদর্শক জাহের ভূঁইয়া জানান, আয়েশা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশিকউদ্দিন তার স্ত্রীর আত্মহত্যার আগে রেখে যাওয়া চিঠির হাতের লেখা সনাক্ত করেছেন।