যশোরে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
চাঁদাবাজির অভিযোগে যশোর কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার হাটবিলা গ্রামের আবু মুসা যশোর ‘ক’ অঞ্চল আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেনÑ উপ--পরিদর্শক ইলিয়াস মুন্সী ও সহকারী উপ--পরিদর্শক তরুণ কুমার।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার আদালত মামলা আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নথিপত্র পাঠানোর নির্দেশ দেন।
বাদীর আইনজীবী মিজানুর রহমান জানিয়েছেন, অন্য একটি মামলার তদন্ত কাজের নামে তরুণ কুমার বাদীর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ঘুষ নেন। এরপরও তদন্ত কাজের কোনো অগ্রগতি না হওয়ায় বাদী পুলিশ সুপারের কাছে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান।
মিজানুর রহমান আরও বলেন, গত ২৫ এপ্রিল বাদী পুলিশ সুপারের দপ্তরে এলে তরুণ কুমার ও ইলিয়াস মুন্সি তাকে জোর করে শহরের গরীবশাহ মাজারের পেছনে নিয়ে যান। সেখানে তারা বাদীর কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই সময় বাদীর সঙ্গে থাকা ১৩ হাজার ৫৫৩ টাকাও ছিনিয়ে নেন তারা।
এরপর গত ১৯ মে ইলিয়াস মুন্সি বাদীর বাড়িতে গিয়ে চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বাদীকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তিনি।
