২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে জাদিদ আল কায়েদার লিফলেটসহ দুটি বোমা উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মূল ফটকের পাশ থেকে ‘জাদিদ আল কায়েদা’র লিফলেটসহ দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মতিহার থানা পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে ঘাস কাটতে গিয়ে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল বোমাটি উদ্ধার করে।

এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় অনুসন্ধান চালিয়ে আরও একটি বোমা উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় বোমাটির সঙ্গে জাদিদ আল কায়েদার নামে একটি লিফলেটও পাওয়া যায়।

লিফলেটে লেখা ছিল- “জাদিদ আল কায়েদা, কাজলা গেট (বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক), এবার ছয়টি বোমা আছে, তারিখ ২২/০৫/০৭-২৪/০৫/০৭।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, বোমা দুটো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। মতিহার থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপ পুলিশ কমিশনার (সদর) মাহাবুবুর রহমান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে উদ্ধার করা বোমা দুটোর মিল রয়েছে। জাদিদ আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, রুয়েটের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।