এবার হাজিরা থেকে অব্যাহতির আবেদন সাবেরা আমানের
গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আমানউন্নাহ আমানের স্ত্রী সাবেরা আমান।
বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে সাবেরা আমানের আইনজীবীরা এ আবেদন জানান। তখন আদালত জানায়, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত দেওয়া হবে।
একইদিন হাইকোর্টে সাবেরা আমানের জামিন আবেদন করা হলেও তা নাকচ হয়ে যায়।
বৃহস্পতিবার দুটি আদালতে সাবেরা আমানসহ তার স্বামী আমানউল্লাহ আমান এবং সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতির মামলায় ছয় জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিশেষ জজ আদালত-১ এ আমানউল্লাহ আমান ও সাবেরা আমানের মামলায় সাক্ষ্য দেন প্রাইম ব্যাংক গুলশান শাখার ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, পুবালী ব্যাংক গুলশান শাখার ব্যবস্থাপক এহতেশামুল হক চৌধুরী এবং একই ব্যাংকের কর্মকর্তা আলতাফ হোসেন।
এ নিয়ে মামলাটির ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দিলেন।
মীর নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিনের মামলায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে সাক্ষ্য দেন জনতা ব্যাংকের গুলশান শাখার উপ-মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান ও আবুল হাশেম।
এ মামলাটির ২৩ জন সাক্ষীর মধ্যে মোট ১৪ জন সাক্ষ্য দিলেন।
সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মীর নাছির উদ্দিন, মীর হেলাল উদ্দিন ও আমানউল্ল¬াহ আমানকে আদালতে আনা হয়। সাবেরা আমানকে বিএসএমএমইউ এর প্রিজন সেল থেকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার হাইকোর্টে সাবেরা আমানের জামিন আবেদন করা হলেও বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর বেঞ্চ তা নাকচ করে দেন। অবশ্য একইসঙ্গে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আদালত সরকারকে প্রতি নির্দেশ দেয়।
শুনানিতে অংশ নিয়ে সাবেরা আমানের আইনজীবী আবদুল মালেক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সাবেরা আমান গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার জামিনের প্রয়োজন।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান জাহিদ ওই আবেদনের বিরোধিতা করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাায় বিশেষ আদালত দু’দিনের মধ্যে রায় দেবে। তাই জামিন দেওয়ার প্রয়োজন নেই।
অর্জিত সম্পত্তির উৎস ও মূল্যের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৬ মার্চ আমানউল্লাহ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে কাফরুল থানায় দুর্র্নীতির মামলা করে।
এ মামলায় সাবেরা আমানকে গত ১২ মার্চ অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত গ্রেপ্তার না করতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয়। গত ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। গত ৯ মে বিশেষ আদালতে আত্মসমর্পণ করে সাবেরা আমান জামিন আবেদন করলে ওই আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
