২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশদানের ঘটনা তদন্তে কমিটি

ঝিনাইদহে বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তির হিসাব চেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নোটিশ দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (অগ্নি) জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে। কমিটির অপর চার সদস্য হলেন পুলিশ সদর দপ্তরের একজন প্রতিনিধি, ঝিনাইদহ জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, ঝিনাইদহ পুলিশ সুপারের একজন প্রতিনিধি এবং ঝিনাইদহ এনএসআই-এর উপ-সহকারী পরিচালক।

অফিস আদেশে কমিটি গঠন ও এর কর্ম পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদৌ এমন কোনো নোটিশ জারি করেছেন কিনা, জারি করলে কোন বিধান বলে তিনি তা করেছেন এবং এ ঘটনার জন্য কোনো কর্মকর্তা-কর্মচারী দোষী সাব্যস্ত হলে তাদের চিহ্নিত করে শাস্তির সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।