সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের রিমান্ডে
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমদকে চাঁদাবাজি ও চিংড়ি ঘের জবরদখল সংক্রান্ত দুটি মামলায় দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কক্সবাজারের চকরিয়া উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশ জানায়, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বুধবার রাত প্রায় সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কক্সবাজার কারাগারে আনা হয়। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ নিরাপত্তায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বেলা ১২টা ৪০ মিনিটে চকরিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। ডিবি পুলিশ তদন্তাধীন দুটি চাঁদাবাজি ও চিংড়ি ঘের জবরদখল মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে।
চকরিয়ার জনৈক মাহমুদুল হক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর দায়ের করা ওই দু’টি মামলায় উপজেলা ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পরপরই সাবেক প্রতিমন্ত্রীকে সড়ক পথে আবারও জেলা কারাগারে নিয়ে আসা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন জানিয়েছেন, সাবেক প্রতিমন্ত্রীকে আগামী চারদিন কক্সবাজার রাখা হবে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সরকারী ছুটি থাকায় তাকে জেলা কারাগারে রাখা হবে। পরদিন রবিবার ও সোমবার দুই দিন ডিবি পুলিশ তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করবে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান আসামী করে চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি ও চিংড়ি ঘের জবরদখলসহ বিভিন্ন অভিযোগ এনে কয়েকদিনের ব্যবধানে ছয়টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীকেও আসামী করা হয়।
