২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের বক্তব্য একসুরেই স্বাগত জানালেন জলিল-মান্নান

সেনাপ্রধান মইন উ আহমেদের বক্তব্য নিয়ে এক কাতারে দাঁড়ালেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল। রাজনীতি থেকে দূরে থাকার নিশ্চয়তা দেওয়া সেনাপ্রধানের ওই বক্তব্যকে এক সুরেই স্বাগত জানালেন দুই প্রতিদ্বন্দ্বী দলের নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 07:03 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বুধবার সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে দেশের বর্তমান অবস্থা এবং সামরিক বাহিনীর অবস্থান নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। তিনি জানান, তার নিজের কিংবা সেনাবাহিনীর রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মান্নান ভূইয়া বলেন, জাতির এক সঙ্কটময় মুহূর্তে সশস্ত্রবাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে সংঘাত ও অনিশ্চিত অবস্থা থেকে রক্ষা করেছে। তারা দেশে একটি নিরপেক্ষ নির্বাচন, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার ও দুর্নীতি-দুর্বৃত্তায়নমুক্ত দেশ গড়ার পথ উন্মুক্ত করেছে।

সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান মান্নান ভূঁইয়া।

সেনাপ্রধানের বক্তব্যের প্রশংসা করে একইদিন দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানের বক্তব্যে গণতন্ত্রের প্রতি তার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। কেটে গেছে এতদিনের ধূম্রজাল।

সংস্কার নিয়ে বৃহস্পতিবার মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে জলিল আরও বলেন, সংসদের স্পিকারকে পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে পারে রাজনৈতিক দলগুলো।

তার মতে, এতে স্পিকারের দায়িত্বশীলতা আরও বাড়বে এবং তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন।

১৪ দলীয় জোট এখনও অটুট রয়েছে দাবি করে জলিল বলেন, “সংস্কার নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন ডাকলে আওয়ামী লীগ একা কিংবা জোটগতভাবেও যেতে পারে।”

সংস্কার নিয়ে দলের মধ্যে উপকমিটি গঠনের খবর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমার জানা মতে শেখ হাসিনা কোনও উপকমিটি গঠন করেননি। কারণ উপকমিটি গঠন করতে গেলে আলোচনায় বসতে হয়। এখন তা সম্ভব নয়।”

এদিকে সংস্কার নিয়ে মান্নান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপিতে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। এ নিয়ে দলে কোনও বিতর্ক নেই। ঘরোয়া রাজনীতি বন্ধ হওয়ার আগেই এ কার্যক্রম শুরু হয়েছিল। বিধি নিষেধ উঠে গেলে সংস্কারের কাজ আবার শুরু হবে।

মান্নান ভূঁইয়া দাবি করেন, বিএনপিতে সংস্কারপন্থী বা সংস্কারবিরোধী বলে কোনও গ্রুপ নেই। খালেদা জিয়ার নেতৃত্বে সবাই সংস্কারের পক্ষে।