চাঁদপুরের ফরিদগঞ্জে সংঘর্ষে আহত ২০
ফরিদগঞ্জ উপজেলায় সংঘর্ষে একজন এসিডদগ্ধসহ ২০ জন আহত হয়েছেন। পশ্চিম লাডুয়া গ্রামে হাফেজ আহমেদ ও সৈয়দ আহমেদ নামে দু’সহোদরের বাগবিতণ্ডা থেকে ওই সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশ জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হাফেজ আহমেদ ভূঁইয়া (৬০), হুমায়ুন (৪৫), মজিব (৫০), মানিক (৩০) ও ঝর্না (২৫) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে হাফেজ আহমেদের সঙ্গে সৈয়দ আহমেদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় হাফেজ আহমেদের লোকজন সৈয়দ আহমেদের ওপর এসিড ছোড়ে। এতে তার দু’হাত ঝলসে যায়।
সৈয়দ আহমেদ এখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, সৈয়দ আহমেদ এখন আশঙ্কামুক্ত।
ফরিদগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আবুল বাশার জানান, পুলিশ ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
