২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবির স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গা

ভৈরব নদের পারে কার্পাসডাঙ্গায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাটিয়েছেন জীবনের কয়েকটা দিন। এখানে বসেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত গল্প ‘পদ্মগোখরা’, কবিতা ‘কলসি ডুবে যায়’ এবং শিশুতোষ ছড়া ‘লিচু চোর’।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

দামুড়হুদা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ভৈরব নদের পাড়ে এই গ্রামটির অবস্থান। নদটি আজ মৃতপ্রায়। তবে যে আটচালা বাড়িতে কবি তখন সপরিবারে থাকতেন, সে বাড়িটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

নজরুল গবেষক ও শিক্ষাবিদ এম এ বকর ও স্থানীয় প্রবীণরা জানান, ১৯২৬ সালের ডিসেম্বরে বিপ্লবী হেমন্ত কুমার সরকার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি নজরুল ইসলাম কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থেকে সপরিবারে এই কার্পাসডাঙ্গায় এসে টানা দুই মাস কাটান।

নজরুল গবেষক এম ইব্রাহিম জানান, সে সময় ভারতবর্ষে চলছিল ব্রিটিশবিরোধী আন্দোলন। কাজী নজরুল ইসলাম কমিউনিস্ট নেতা মোজাফফর আহমদের সঙ্গে গঠন করেন শ্রমিক প্রজা কৃষক পাটি। কার্পাসডাঙ্গায় সে সময় চলছিল কৃষক আন্দোলন। আর এ কারণেই তাঁর কার্পাসডাঙ্গায় আসা। সেখানে তিনি স্বদেশী আন্দোলনের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।

যে বাড়িটিতে নজরুল তখন উঠেছিলেন সেখানে এখন আছেন প্রদ্যুৎ কুমার বিশ্বাসের পরিবার। প্রদ্যুৎ কুমার বিশ্বাস দুই বছর আগে মারা গেছেন। কবি নজরুল যে ঘরে ঘুমাতেন সেখানে এখন থাকেন প্রদ্যুৎ বিশ্বাসের মেজো ছেলে বকুল বিশ্বাস ও তার বউ মনি বিশ্বাস।

বকুল বিশ্বাস বলেন, শুধু নজরুলের স্মৃতি রক্ষার্থে এই আট চালা ঘরটি এখনো অক্ষত রাখা হয়েছে। ছনের এই ঘরটির পেছনে প্রতিবছর কমপক্ষে ১০ হাজার টাকা খরচ হয়। তিনি বলেন, ইচ্ছে আছে এই ঘরটি ভেঙে একই আদলে একটি কংক্রিটের ঘর তৈরি করে পর্যটকদের জন্য উন্মুক্ত করার, কিন্তু সামর্থ্যে কুলাচ্ছে না। সরকার উদ্যোগ নিলে জমি দেওয়াসহ সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।

কার্পাসডাঙ্গায় কবি নজরুলের স্মৃতি ধরে রাখাতে ১৯৯০ সালের ডিসেম্বরে প্রথম নজরুল মেলার আয়োজন করা হয়। গঠন করা হয় নজরুল স্মৃতি সংসদ। এ বছরও এই সংসদের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখে নজরুলের জন্মদিনে মেলার আয়োজন করা হয়েছে।