২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের বক্তব্যে ধূম্রজাল কেটে গেছে: জলিল

রাজনীতিতে নিজের বা তার বাহিনীর আসার সম্ভাবনা নেই বলে সেনাপ্রধান মইন উ আহমেদের বক্তব্যের প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 03:48 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের জলিল বলেন, সেনাপ্রধানের বক্তব্যে গণতন্ত্রের প্রতি তার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। কেটে গেছে এতদিনের ধূম্রজাল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রস্তাব করেন, সংসদের স্পিকারকে পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে পারে রাজনৈতিক দলগুলো। তার মতে, এতে স্পিকারের দায়িত্বশীলতা আরও বাড়বে এবং তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন।

১৪ দলীয় জোট এখনও অটুট রয়েছে দাবি করে জলিল বলেন, “সংস্কার নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন ডাকলে আওয়ামী লীগ একা কিংবা জোটগতভাবেও যেতে পারে।”

সংস্কার নিয়ে দলের মধ্যে উপকমিটি গঠনের খবর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমার জানা মতে শেখ হাসিনা কোনও উপকমিটি গঠন করেননি। কারণ উপকমিটি গঠন করতে গেলে আলোচনায় বসতে হয়। এখন তা সম্ভব নয়।”