২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের জামিন দুইদিন স্থগিত

আটকাদেশের বিরুদ্ধে মামলায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন দুইদিনের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান আমিন বৃহস্পতিবার সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সরকারপক্ষে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, আটকাদেশ থাকার পরও কাউকে জামিন দিলে ‘ফ্লাড গেট ওপেন’ হয়ে যাবে অর্থাৎ সবাই জামিন নিতে আসবে।

মেয়র মহিউদ্দিনের পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, আটকাদেশের মামলায় জামিন দেওয়ার নজির রয়েছে।

শুনানি শেষে আদালত বিষয়টি রোববার পূর্ণাঙ্গ বেঞ্চে শোনা হবে বলে জানান। আর ওই সময় পর্যন্ত মহিউদ্দিনের জামিনের আদেশ স্থগিত করেন।

মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোর্ট বেঞ্চ মেয়রের জামিনের আদেশ দেন।

ওই সময় হাসিনা মহিউদ্দিনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, মেয়র মহিউদ্দিন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার মুক্তি পাওয়া দরকার। অন্য দুইটি মামলায় তিনি জামিন লাভ করলেও আটকাদেশ থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ৯ মার্চ তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।

৮ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দুটিতে জামিনের আবেদন জানানো হলে হাইকোর্ট গত ১৭ মে তাকে জামিন দেয়।

গত ১৬ মে গুরুতর অসুস্থ মেয়র মহিউদ্দিনকে বান্দরবান কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানে ১০ সদস্যের চিকিৎসাবোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।