২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ফুল দেওয়া গেলেও সমাবেশ নিষিদ্ধ

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোনো সভা বা সমাবেশ করার অনুমতি দেবে না সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

খালেদা জিয়াসহ ১০-২০ ব্যক্তি তার কবরে ফুল দিতে পারবেন। তবে এসময় কোনো প্ল্যাকার্ড বা পোস্টার নিয়ে যাওয়া যাবেনা বা কোন স্লোগান দেওয়া যাবেনা।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের একথা জানান।

মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তিনি আরো বলেন যে আগামী ৩০ মে জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জিয়ার মাজারে ফুল দেবেন। তাদের পরই অন্যরা ফুল দিতে পারবেন। ব্যক্তিগত ভাবেও ফুল দেওয়া যাবে, তবে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে।

রাষ্ট্রপতি জিয়ার কবরে যাচ্ছেন কিন্তু বঙ্গবন্ধুর কবরে যাননি। ভাবিষ্যতে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে যাবেন কিনা? এ প্রশ্নের উত্তরে মইনুল বলেন“প্রয়োজনে তিনি যেতেই পারেন।”

মইনুল বলেন, দিনটি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। তবে অনুমতি দেওয়া হয়নি কারন এর আগের অভিজ্ঞতা ভালো না। এর আগে এরকম অনুষ্ঠানের অনুমতি দেওয়ার সুযোগে তারা রাজনৈতিক আলোচনা করেছে।

প্রতিবছর বিএনপির পক্ষ থেকে ঢাকার সড়কগুলোতে যে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় তা এবার করা যাবে না। একথা জানিয়ে মইনুল বলেন, দেশে এখন জরুরী অবস্থা। অবশ্য কাঙ্গালি ভোজের খাবার এতিম খানায় পাঠিয়ে দেওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।