২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ আবুল হোসেন খানের ৭ বছরের কারাদণ্ড

অবৈধভাবে গোলাবারুদ রাখার দায়ে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সাংসদ আবুল হোসেন খানের সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:46 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এ টি এম মুসা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

আবুল হোসেন খান তার লাইসেন্স করা রিভলবারের ৯০ রাউন্ড গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় জমা না দেওয়ায় তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক জহুরুল ইসলাম চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

বিচারক তার রায়ে বলেন, আবুল হোসেন খানের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। তবে ২০ মে থেকে তিনি চারদিন হাজতে থাকায় সাজার মেয়াদ থেকে ওই দিনগুলো বাদ যাবে বলেও আদেশে জানানো হয়।

রায় ঘোষণার মাত্র তিন মিনিটের মধ্যে আবুল হোসেনকে পুলিশের কড়া পাহারায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী এ সময় কান্নায় ভেঙে পড়েন।

আবুল হোসেনের আইনজীবী মো. এনায়েত পীর খান বলেছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আবুল হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আবদুর রব আকন্দ গত ২৩ মার্চ অভিযোগপত্র দাখিলের পর আদালত সাবেক সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এরপর ২০ মে মামলার সাক্ষ্যগ্রহণের দিন আবুল হোসেন খান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।