চিফ হুইপের ছেলের গাড়ি চুরির মামলায় অভিযোগ গঠন ৪ জুলাই
গাড়ি চুরির মামলায় চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ পবন ও তার দুই সহযোগীর অভিযোগ গঠন হবে ৪ জুলাই।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মুজিবুল হকের আদালতে এ অভিযোগ গঠন হবে।
অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৩ অক্টোবর মতিঝিলের আমিন কোর্টের সামনে থেকে ব্যবসায়ী কাজী মিজানুর রহমান পিন্টুর গাড়ি পবনের সহযোগীরা ছিনতাই করে। পরে টয়োটা প্রিমিও গাড়িটি বেইলি রোডে পবনের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
গাড়ি চুরি নিয়ে মতিঝিল থানায় মামলা হওয়ার পরে আসামি জহিরুল ইসলাম রবিন ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকার করেন যে, এই গাড়িটি তারা চুরি করে পবনকে দেন। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
মঙ্গলবার শুনানির কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি জামিনে থাকা পবন। অন্য দুই আসামি আবদুল হালিম ও রবিন হাজির হয়ে জামিন নেয়।
