গত পাঁচ বছরে খুলনা ছিল বঞ্চিত অঞ্চল: মেয়র
খুলনা একটি বঞ্চিত অঞ্চল। গত পাঁচ বছরে খুলনার কোনো উন্নয়ন হয়নি। এ সময়কালে মন্ত্রিসভা বা সরকারের নীতি--নির্ধারণী ফোরামেও খুলনার কোনো প্রতিনিধি ছিল না। খুলনার প্রতি এ অবহেলার অভিযোগ আনলেন বিএনপির মনোনয়নেই নির্বাচিত মেয়র শেখ তৈয়েবুর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মেয়র বলেন, “খুলনার উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে কথা বলেও কোনো লাভ হয়নি। নিজস্ব উদ্যোগে কিছু উন্নয়ন হলেও বেশিরভাগ বিষয়ই অবহেলিত থেকে গেছে। নিজ দলের সরকার ক্ষমতায় থাকার পরও খুলনার উন্নয়ন করতে পারিনি। সেজন্য আমার ক্ষোভ ও দুঃখ দুটোই আছে।”
মেয়র বলেন, গ্যাস ও বিদ্যুতের কারণে খুলনার শিল্প--কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। খুলনা এখন নামেই শিল্প নগরী। প্রকৃতপক্ষে এর কোন শিল্প--কারখানাই কাজ করছে না। আর এর প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়ছে।
রাজনৈতিক দলে সংস্কার প্রশ্নে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোতে অবশ্যই সংস্কার হওয়া উচিত। আমিও দলের ভেতরে সংস্কার চাই। তবে তা অবশ্যই শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে নয়। শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে কোনো সংস্কার সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সংস্কারের জন্য দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে। দলগুলোর ভেতরে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সামনে আসার সুযোগ করে দিতে হবে। তবে তা করতে হবে নির্বাহী কমিটিতে বসে আলোচনার মাধ্যমে।
“দলের শীর্ষ নেতাদের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করতে না পারি, তবে তো দলও টিকে থাকবে না।”
পরিবারতন্ত্র প্রসঙ্গে মেয়র বলেন, পৃথিবীর অনেক দেশেই পরিবারতন্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গাও পরিবারতন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় এসেছেন। তবে পরিবারতন্ত্রের মাধ্যমে কোন অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসালে চলবে না। এতে সমস্যার সৃষ্টি হয়।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে অনেক ধরনের চাপ থাকে। কিন্তু এখন সব ধরনের চাপ থেকে মুক্ত রয়েছি। এ সময় যে কোন এলাকার জন্য সুষম উন্নয়ন করা সম্ভব।
খুলনার মেয়র সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে দেশে একপক্ষ আন্দোলনের নামে লগি--বৈঠা নিয়ে রাজপথে নামে এবং পিটিয়ে মানুষ হত্যা করে আর অন্য পক্ষ লগি--বৈঠার পরিবর্তে কাস্তে নিয়ে রাজপথে নামার আহ্বান জানায়, সেখানে দেশপ্রেমিক জরুরি অবস্থা জারির জন্য সরকারকে সাহায্য করে সেনাবাহিনী ভালই করেছে।
বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তখন তো দেশে নির্বাচনের কোন পরিবেশই ছিল না। কেউ কেউ তো তখন বঙ্গভবনে অক্সিজেন বন্ধ করে দিতে চেয়েছিলেন। ওই অবস্থায় নির্বাচন হয় কি করে?
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৩৯ জনের মধ্যে ১০৩ জনই বিএনপির। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা উচিত বলে মনে করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়ায় তাদের দুর্নীতির বিষয়টিই বেশি এসেছে। প্রকৃতপক্ষে এর আগে যারা ক্ষমতায় ছিল, তারাও তো কম করেনি। কিন্তু আমাদের দেশের মানুষ সহজেই সব কিছু ভুলে যায় বলেই তাদের বিষয়টি তেমনভাবে আসছে না।
তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে বলেন, “দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া উচিত। আমি নিজেও যদি দুর্নীতিবাজ হই, তবে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”
এক প্রশ্নের জবাবে নতুন দলে যোগ দেওয়ার গুজবকে অস্বীকার করেন মেয়র তৈয়েবুর রহমান।
