২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেপ্তার ৩৯ আ’লীগ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেনসহ ৩৯ জনকে অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আলাদা তিনটি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশীসহ ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে গত ১৪ মে সিলেটে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে জরুরি ক্ষমতার অধীনে সিলেটের কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, প্রবাসী বাংলাদেশীরা জরুরি ক্ষমতা আইন লংঘন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সিলেটের খাদিম পাড়া ইউনিয়নের বাবুল চৌধুরীর বাড়িতে ষড়যন্ত্রমূলক বৈঠক করে।

তাদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “এসব প্রবাসী বাংলাদেশীরা সিলেটে একটি মিলাদে অংশ নেন। তারা জরুরি ক্ষমতা আইন লংঘন বা কোনো ষড়যন্ত্রমূলক বৈঠক করেননি।”

সরকার পক্ষে শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিখিলেশ দত্ত ও আব্দুর রউফ বলেন,“এ মামলার প্রধান আসামী শফিকুর রহমান অন্য আসামীদের অপরাধ সংগঠনে উৎসাহিত করেছে। তাই তার জামিনের বিষয়ে সরকারের আপত্তি রয়েছে। অন্য আসামীদের ক্ষেত্রে জামিন দিতে কোনো আপত্তি নেই।”

শুনানি শেষে আদালত ৩৯ জনের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। ওকালতনামা না আসায় আব্দুল খালেক নামে একজনের জামিন হয়নি।