খুলনায় ঘুষ নিতে গিয়ে এসবির এক সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় জেলা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ওয়াচার কনস্টেবল জলিল শিকদারকে হাতে--নাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাচারিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, কাচারী বাড়ি এলাকার কৃষক দীপংকর মিস্ত্রীর নামে বটিয়াঘাটা থানায় জমি--জমা সংক্রান্ত একটি মামলা রয়েছে। সম্প্রতি কৃষক দীপংকর জামিন পান। কিছুদিন আগে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ওয়াচার কনস্টেবল জলিল শিকদার তার কাছে ঘুষ চান। নইলে আবারও গ্রেপ্তার করা হবে বলে ভয় দেখান।
এ ঘটনা দীপংকর স্থানীয় যৌথবাহিনীর সদস্যদের জানান। যৌথ বাহিনীর পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সকালে কৃষক দীপংকর টাকা নেওয়ার জন্য কনস্টেবল জলিলকে আসতে বলেন। ঘুষ নেওয়ার সময় যৌথ বাহিনী হাতে--নাতে তাকে গ্রেপ্তার করে। বটিয়াঘাটার যৌথ বাহিনী ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
