চাঁদাবাজির অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা
জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হকের বিরুদ্ধে সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ি থানায় আরও একটি মামলা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহাম্মেদ জানান, গোদাগাড়ি উপজেলার কাকনহাট পৌর এলাকার পলাশী মহল্লার পঙ্গু মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাদী হয়ে রাত সোয়া ১১টায় মামলাটি দায়ের করেন।
এতে ব্যারিস্টার আমিনুল হক, সাবেক সাংসদ নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম জুয়েল, নাদিম মোস্তফার সহযোগী সিরাজুল ইসলাম চাঁদ, কাকনহাট পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ--সভাপতি আব্দুল মজিদ, তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন, রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারসহ ১৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে বরাদ্দ পাওয়া বাদীর জমি আসামীরা দখল করে সেখানে ‘পলাশী এগ্রো ফিসারিজ ইন্ডাস্ট্রিজ’ নামে মৎস্য প্রকল্প বানায়। এ ব্যাপারে ২০০৫ সালের অক্টোবরে আমিনুল হকের কাছে অভিযোগ করলে তিনি আলাউদ্দিনকে মামলার আসামী মজিদ, জাহাঙ্গীর ও মালেকসহ অন্যান্যদের কথা মতো কাজ করতে বলেন।
এছাড়া জমির দখল ছেড়ে দেওয়ার বিনিময়ে ব্যারিস্টার আমিনুল হকের সহযোগী কাকনহাট পৌরসভার চেয়ারম্যান মজিদ মাস্টারসহ অন্যরা আলাউদ্দিনের কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
মামলার আসামীদের মধ্যে মজিদ মাস্টারকে সোমবার রাত দশটায় যৌথবাহিনীর সদস্যরা রাজশাহী মহানগরীর ব্রাইট স্টার ক্লাব থেকে আটক করেছে। আরেক আসামী মফিজ উদ্দিনকে গত ২৬ ফেব্র“য়ারি তানোর উপজেলা সমন্বয় কমিটির সভা থেকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে রাজশাহীতে মোট সাতটি মামলা হলো।
