জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন
সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি অঞ্চলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ভয়াবহ প্রমাণ পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হচ্ছে, জীববৈচিত্র্যকে রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে পরিকল্পনা ও প্রস্তুতি এখনও বাংলাদেশের নেই। মঙ্গলবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিয়াম মিলনায়তনে ‘জীববৈচিত্র্য ও জলবায়ুর পরিবর্তন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপদেষ্টা সি এস করিম এই উদ্বেগ প্রকাশ করেন।
কর্মশালায় অধ্যাপক আইনুন নিশাত প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এ কর্মশালায় পরিবেশ নিয়ে কর্মরত সরকারি--বেসরকারি কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
সি এস করিম সিলেট অঞ্চলে বিআর--২৮ জাতের ধানে এবার চিটা হওয়ার বিষয়টিকে জীববৈচিত্র্যের ওপর প্রভাব হিসেবে বর্ণনা করে বলেন, চলতি বছরে উচ্চ ফলনশীল এ জাতের ধান চাষে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে এমন তথ্য থাকার পরও কৃষকদের জানানো হয়নি। কৃষকদের জানানো হলে তারা হয়তো বিকল্প উপায় বের করতে পারতেন।
তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে চিটা হওয়ার বিষয়টি তেমন প্রভাব না ফেললেও ক্ষতিগ্রস্ত কৃষকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, হালদায় মাছের ডিম কমে যাওয়া এবং রেণুপোনার অভাবে চিংড়ির পোনা উৎপাদন ব্যাহত হওয়ায় মাছ চাষীদের ওপর যেমন প্রভাব পড়েছে, তেমনি জাতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।
তিনি বলেন, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশের ১৭ ভাগ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা সত্যি হলে প্রতি বর্গ কিলোমিটারে জন্যসংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাবে। কৃষির উৎপাদন, বাসস্থানের জমি এবং সম্পদ আহরণ করতে না পারলে পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে সেই প্রস্তুতি বাংলাদেশের নেই, এমনকি বিশ্বের কোনো দেশেরই নেই।
সরকারি--বেসরকারি পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে পরিবেশের ওপর প্রভাবের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশকে বিবেচনায় রাখা হয়নি। তখন বন্যা ও অন্যান্য তাৎক্ষণিক প্রাকৃতিক দুর্যোগকে পরিবেশের জন্য বিপর্যয় হিসেবে দেখা হলেও জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর তার দীর্ঘমেয়াদী প্রভাব আমলে আনা হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশে পরিবর্তিত বাস্তবতায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতির ভয়াবহতার তুলনায় প্রস্তুতি একেবারেই নেই। কিন্তু বসে থাকারও সুযোগ নেই, টিকে থাকতে হলে বিকল্প উদ্ভাবনের পাশাপাশি বিপর্যয় ঠেকানোর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, দরিদ্র দেশগুলোই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাস এবং পরিবেশ দূষণের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হবে, অথচ এজন্য দায়ী উন্নত দেশগুলো। এরই মধ্যে উন্নত দেশগুলো বিপর্যয় রোধে কাজ শুরু করেছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকেও এখনই দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে।
আইনুন নিশাত বলেন, জীববৈচিত্র্য হুমকির মুখে কিনা এটা নিয়ে এখন আর কথা বলার সুযোগ নেই। সারা বিশ্বে সরকারি পর্যায়ে এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল না মানলেও ওই দেশের সরকার প্রধান গ্রিন হাউজ গ্যাস কমানোর কর্মসূচি হাতে নিতে রাজি হয়েছে।
বাংলাদেশে জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার বিভিন্ন উদাহরণ টেনে বলেন, লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুন্দরবনে সুন্দরী গাছের বদলে লবণাক্ত পরিবেশ উপযোগী গাছ বেড়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে পুরো উৎপাদন কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা ও জীবনাচরণে পরিবর্তন আসতে বাধ্য। এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুতি যেমন নিতে হবে তেমনি পরিবর্তনের লাগাম টেনে ধরতে হবে।
এজন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক নিশাত বলেন, দেশে চিরসবুজ বনের তুলনায় পাতাঝরা বনের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেশি কার্বন--ডাই--অক্সাইড শোষণ করে এমন বনায়ন করতে হবে। অপরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, লাল তেলাপিয়া নাম দিয়ে রাক্ষুসে পিরানহা মাছ আনা হয়েছে। এর ফলে বিপর্যয় আরও গতি পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
