কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা
মিরপুরের সদরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে কথিত চরমপন্থীরা। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এর সদস্য দাবি করে নিজেকে জাহিদ পরিচয় দেওয়া এক ব্যক্তি মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, পুলিশের কাছে তথ্য দেওয়ার কারণে স্থানীয় জোতদার কোরবান মণ্ডল (৪০) কে হত্যা করেছে তার দল।
নিহত কোরবানের বাড়ি সদরপুর ইউনিয়নে। তার বাবার নাম আমজাদ মালিথা।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, রাত ১০ টার খাবারের সময় ১০/১২ জনের একটি দল কোরবানকে তুলে নিয়ে যায়। রাত ১১ টার দিকে পাশের গ্রাম মল্লিকপুরের একটি মাঠে তার লাশ পাওয়া যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “ কোরবান মণ্ডলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ ছিল না।” হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি তিনি।
