মৌলভীবাজারে ডাকাত সন্দেহে চারজন গ্রেপ্তার
শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের খিলগাঁওয়ে রোববার রাতে গ্রামবাসী ডাকাত সন্দেহে চারজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ বলেছে তারা এলাকার চিহ্নিত ডাকাত।
আটককৃত চারজন হচ্ছে জনাব আলী (৪০), নুরু মিয়া (৬০), রাজু (২০) ও শামিম (২৫)।
এলাকাবাসী জানায়, গত একমাসে ডাকাতি বেড়ে যাওয়ায় তারা পালাক্রমে পাহারা দিতে শুরু করে। রোববার রাতে খিলগাঁও কালভার্টের কাছে ওই চারজন ডাকাতির প্রস্তুতি নিলে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে খিলগাঁওয়ের আবদুল জলিল বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।
শ্রীমঙ্গল থানার উপ--পরিদর্শক মোস্তাফিজ জানান, এরা অনেক দিন থেকে সিলেট অঞ্চলে ডাকাতি করে আসছিল। এদের মধ্যে কুখ্যাত ডাকাত নুরু মিয়া কুলাউড়া থানার একটি ডাকাতি মামলায় ছয় বছর সাজাভোগ করে সম্প্রতি ছাড়া পেয়েছে। অপর ডাকাত শামিম বাহুবলের একটি ডাকাতি মামলায় আট মাস জেল খেটে মাত্র ১৩ দিন আগে ছাড়া পায়।
তাদের বিরুদ্ধে কুলাউড়া, বাহুবল ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
