গাজীপুরে কয়েক শ শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
ভাংচুর, পুলিশি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে জয়দেবপুর থানায় ২৫/২৬ শ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার উপ--পরিদর্শক নব গোপাল দাস মামলাটি দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে সোমবার আনসার আলী নামে এক শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে পুলিশের গুলিতে নিহত গাজীপুরের ফরচুনা অ্যাপারেলসের সুয়িং অপারেটর আসমা আক্তারের (২০) লাশের ময়না তদন্ত সোমবার গাজীপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
মামলা দায়েরকারী উপ--পরিদর্শক নবগোপাল দাস জানান, ভাংচুর, পুলিশি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা চালানোর কারণে রোববার রাত একটার দিকে ২৫/২৬ শ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, পুলিশ আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড টিয়ার শেল ও ১১ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।
এদিকে ময়নাতদন্তের পর আসমার লাশ তার বাবা আবদুস সাত্তারের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশি পাহারায় লাশ পটুয়াখালীতে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল হালিম মোল্লা জানান, আগামী দুই একদিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে।
ময়না তদন্তে অংশ নেওয়া এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিক আসমার পিঠে গুলি লেগেছে যেমন সত্য, তেমনি তার পদদলিত হওয়ার লক্ষণও রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সদর হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিনের আলো ফোটার আগেই আসমার লাশের ময়না তদন্তের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে।
ভোর পাঁচটার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা তারিক হিকমতের নেতৃত্বে লাশের সুরতহাল করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল হালিম মোল্লা, ডা. হায়দার আলী, ডা. কাজী মোবিনা আক্তারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট মেডিকেল টিম ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরে তড়িঘড়ি করে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশের একাধিক সূত্র জানায়, লাশ নিয়ে যাতে কেউ রাজনীতি না করতে পারে সে কথা মাথায় রেখে শহর জেগে ওঠার আগেই লাশ পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে রোববার সন্ধ্যার ওই ঘটনার পর সোমবারও গাজীপুরের শিল্পাঞ্চলে কড়া পুলিশ, সেনা ও র্যাবের পাহারা ছিল। শিল্প কারখানাগুলো বন্ধ থাকায় সব এলাকা ছিল নীরব।
আরও দুটি কারখানায় অসন্তোষ
বকেয়া বেতনের দাবিতে সোমবার কালিয়াকৈরের মৌচাক এলাকার উইন্টার গার্মেন্টস ও জেলা সদরের কাশিমপুর ইউনিয়নের অনুপম গার্মেন্টসের কয়েকশ শ্রমিক শান্তিপূর্ণ আন্দোলন করেন।
উইন্টার গার্মেন্টসের শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে কারখানায় এলেও কাজে যোগ দেননি। তারা দাবি আদায়ে কারখানার সামনে অনশন করে।
খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলমাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
কালিয়াকৈর থানার উপ--পরিদর্শক আবদুর রশিদ জানান, পুলিশ কারখানা কর্তৃপক্ষকে বেতন পরিশোধের জন্য তাগিদ দিলেও তাদের কোনো সাড়া পায়নি।
এদিকে আন্দোলনের কারণে একমাস আগে বন্ধ হওয়া অনুপম সোয়েটারে সোমবার বেতন দেওয়ার পূর্ব নির্ধারিত দিন ছিল সোমবার। শ্রমিকরা সকাল থেকেই বেতনের জন্য কারখানায় ভিড় করে। কিন্তু অপেক্ষা করে এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে। দুপুরের পরে পুলিশ পাহারায় শ্রমিকদের বেতন দেওয়া শুরু হলে তারা শান্ত হয়।
