সাতকানিয়ায় ডাকাতের হামলায় একজন গুলিবিদ্ধসহ আহত ৬
সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা গ্রামে রোববার গভীর রাতে সশস্ত্র ডাকাতের হামলায় গ্রাম প্রতিরোধ কমিটির এক সদস্য গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মতি লাল দাশকে (৪০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কানন সিংহ (২২), সঞ্জয় দাশ (২৬), মদন চক্রবর্তী (৪০), মধু দাশ (২৭) এবং রতন দাশকে (৪৫) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, রোববার রাত আড়াইটার দিকে উত্তর ঢেমশা সড়কের পাশে জনৈক কার্তিকের দোকানের সামনে দিয়ে একদল ডাকাত যাওয়ার সময় গ্রাম প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের ধাওয়া করে। ১৫ থেকে ২০ সদস্যের সশস্ত্র ডাকাত দলটি এক পর্যায়ে গ্রাম প্রতিরোধ কমিটির সদস্যদের ওপর হামলা চালায়। এসময় গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এসময় একজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়।
গ্রাম প্রতিরোধ কমিটির বাধার কারনে ডাকাত দল ডাকাতি করতে পারেনি। বিকেল পৌনে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
তিনি জানান, আহত মতি দাশের চিকিৎসার দায়িত্ব পুলিশ প্রশাসন গ্রহণ করবে।
ওসি আলমগীর বলেন, আইন--শৃংখলা রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতকানিয়া পৌরসভায় এবং ১৭টি ইউনিয়নে ১৬২টি কমিটি গঠন করা হয়েছে। কমিউনিটি পুলিশের আদলে গঠিত এসব কমিটির প্রায় দুই হাজার সদস্য ডাকাতি রোধে ও আইন--শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এসব কমিটির সদস্যরা গত কয়েকদিনে সাতকানিয়ায় বেশ কয়েকটি ডাকাতি ব্যর্থ করতে দিতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
