নওগাঁয় সংঘর্ষে দুই সহোদর নিহত
নওগাঁর আত্রাইয়ে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে আত্রাই উপজেলার আমরুল কসবা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ গ্রামের দুই সহোদর হবিবর রহমান ও মজিবর রহমানের মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ বাঁধে। বিরোধ মীমাংসার জন্য রোববার রাতে সালিশ বৈঠক বসে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মজিবর রহমান ধারালো হাসুয়া দিয়ে হবিবর রহমানকে আঘাত করে।
এ সময় হাসুয়াটি কেড়ে নিয়ে হবিবর রহমানের স্ত্রী মজিবর রহমানকে কোপ দিলে ঘটনাস্থলেই মজিবর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় হবিবর রহমানকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তিনিও মারা যান।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই জোড়া খুনের ঘটনায় আত্রাই থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে।
