নওগাঁ সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী কৃষক নিহত
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী কৃষক নিহত হয়েছেন। সোমবার ভোরে পোরশা নিতপুর সীমান্তের ২৩২ নং মেইন পিলারের কাছে টাকঠা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পোরশা উপজেলার গোপীনাথপুর যমুনা বাগান গ্রামের জাফ্ফার আলীর ছেলে আব্দুলাহ (২০) ও একই গ্রামের জেকের আলীর ছেলে মামুন (২৮)।
নওগাঁর ২৮ রাইফেল বাটালিয়ানের নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার আবু তাহের জানান, সোমবার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় ধান কাটার সময় ভারতের ১৭২ কাদেরীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আব্দুলাহ ও মামুনসহ আটজনকে ধরে নিয়ে যায়।
এরপর জিরো পয়েন্ট সংলগ্ন টাকঠায় গুলি চালিয়ে কৃষক আব্দুলাহ ও মামুনকে হত্যা করে বিএসএফ। অন্য ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। লাশ ফেরত চেয়ে বিডিআর চিঠি পাঠালেও এখন পর্যন্ত বিএসএফ কোনো সাড়া দেয়নি।
