দুর্নীতি প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করুন: হাসান মশহুদ চৌধূরী
দুর্নীতি প্রতিরোধকে সামাজিক আন্দোলনে রূপ দিতে তৃণমূল পর্যায়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, “ একেবারে নির্মূল করা সম্ভব না হলেও দুর্নীতিকে সহ্যসীমার মধ্যে নিয়ে আসতে হবে।”
দুর্নীতি প্রতিরোধে সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করেন হাসান মশহুদ চৌধূরী । তিনি মনে করেন, নিজেকে দুর্নীতির উর্ধ্বে রাখা, স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে রাখা গেলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে কথা ও কাজে মিল রেখে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে ।
হাসান মশহুদ চৌধূরী বলেন, এই প্রতিরোধ অভিযানের ফল কতোটা কার্যকর হয়েছে তা যাচাই করতে এ বছরের শেষ নাগাদ একটি জরিপ চালানো হবে এবং ফলাফল থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. শামসুল আলম, জেলা পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।
এরপর সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী নাগরিকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বে র শেষে কমিশনের চেয়ারম্যান পরে টাঙ্গাইল জেলার উদ্দেশে রওনা হন।
