২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ আদালতের প্রথম রায়, হারিছ চৌধুরীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

বেধে দেওয়া সময়ের মধ্যে স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসেব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে বিশেষ জজ আদালত--৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এই রায় দেন। আদালতে আতœসমর্পণ করার পর অথবা গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 11:30 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

হারিছ চৌধুরীর বিরুদ্ধে রায় জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ আদালতের প্রথম কোনো মামলার রায়। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী

গত ৬ মে এই মামলার তিন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার মধ্যে দিয়েই শুরু হয়েছিল বিশেষ আদালতের কার্যক্রম।

এর আগে একই অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গত ৩০ এপ্রিল আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান এবং ১৩ মে  জয়নাল হাজারির বিরুদ্ধে নারায়নগঞ্জ ও ফেনীর দুটি আদালত তাদের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন।

গত ১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন প্রথম পর্যায়ে ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের স্থাবর--অস্থাবর সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে কমিশনের কাছে দাখিল করার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে ৫ এপ্রিল মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক আখতার হামিদ ভূঁইয়া।

এই মামলার পরই হারিছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মালামাল বাজেয়াপ্ত করার  নির্দেশ দেয় আদালত।

হারিছ চৌধুরী পলাতক থাকা অবস্থায়ই আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষ্য দেয়। গত ৬ মে মামলার বাদি ও কমিশনের উপ--পরিচালক আবু সাঈদ, মাঠ কর্মী আখেরুজ্জাম এবং আব্দুল হাকিমের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

মামলার অন্য দুই সাক্ষী হারিছ চৌধুরীর চাচাতো ভাই ফখরুদ্দিন চৌধুরী এবং তার বাড়ির কেয়ারটেকার আলফাজ উদ্দিনকে রাষ্ট্রপক্ষ পরপর তিনবার নির্ধারিত দিনে আদালতে হাজির করতে ব্যর্থ হলে গত ১০ মে আদালত তাদের দুইজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই দুই সাক্ষী গত ১৬ মে আদালতে সাক্ষ্য দেয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২০ মে মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য করেন।    

২০ মে মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হলে আদালত ২১ মে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

বিচার কাজ চলার সময় আদালতে হারিছ চৌধুরীর পক্ষের কোনো আইনজীবী ছিল না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. এ এফ এম গোলাম ফাত্তাহ।

১২ জানুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই হারিছ চৌধুরী পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এই বিচার কাজ শেষ হয়েছে।