গাজীপুরে শ্রমিক--বিক্ষোভে গুলি, নিহত ১ আহত ৩৩
ওভারটাইম ভাতা ও বেতনের দাবিতে বিক্ষোভরত গাজীপুরে ফরচুনা এপারেলস লিমিটেডের শ্রমিকদের সঙ্গে রোববার পুলিশ ও র্যাবের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের এক পর্যায়ে শটগানের গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত এবং র্যাব ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকের পিঠে গুলির চিহ্ন আছে বলে তার সহকর্মীরা দাবি করলেও পুলিশ বলেছে গাড়ি চাপায় তিনি নিহত হয়েছেন।
বোর্ডবাজারে ওই পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান, মার্চ মাসের ওভারটাইম ও এপ্রিলের বেতনের দাবিতে শনিবার থেকে তারা অন্দোলন শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ রোববার বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু রোববার বিকেল পাঁচটার দিকে একাংশের বেতন দেওয়া শুরু হলে বাকি শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের কেউ কেউ একযোগে কারখানার পাঁচটি ফ্লোরের দরজা--জানালা এবং মেশিনপত্র ভাঙচুর শুরু করেন।
খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা শুরু করে এবং পরে কমপক্ষে আট রাউন্ড শটগানের গুলি ও ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। এ সময় ২০/২২ বছর বয়সী অজ্ঞাত এক নারী শ্রমিক পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার নাম আসমা বলে একটি সূত্র জানিয়েছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে একপর্যায়ে ছত্রভঙ্গ শ্রমিকরা পালানোর সময় গাড়ি চাপা পড়ে কয়েকজন আহত হন।
নিহত শ্রমিকের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দাবি করেন, ছোটাছুটির সময় বাস চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
