তিন বছরেও আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার অভিযোগপত্র দেওয়া হয়নি
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার তিন বছর পূর্ণ হচ্ছে সোমবার। দেশে--বিদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী এ হামলায় জড়িতদের বিচার হয়নি এখনও। এমনকি মামলার অভিযোগপত্রও দিতে পারেনি পুলিশ।
২০০৪ সালের ৩ মে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী। এরপর জন্মভূমি সিলেট সফরে আসেন ওই বছরেরই ২১ মে।
শাহজালাল (রহ:) দরগাহ প্রাঙ্গণে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে লোকজনের সঙ্গে কুশল বিনিময় করে বেরিয়ে আসার সময় দরগাহের প্রধান ফটকের কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গ্রেনেড ছুঁড়ে মারে। এ সময় আশপাশের অনেকের সঙ্গে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। আহত হাই কমিশনারকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
হযরত শাহজালাল (রহ.)--এর মাজার প্রাঙ্গণে ওই গ্রেনেড হামলায় তিনজন নিহত এবং অন্তত ৭০ জন আহত হন। ওই রাতেই হামলায় জড়িত সন্দেহে সিলেট মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আলম খান মুক্তিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে দায়ের করা মামলার আসামির তালিকায় এদের নাম রয়েছে। অবশ্য সিআইডির তদন্তে ঘটনার সঙ্গে জঙ্গি যোগসূত্র পাওয়ায় মামলাটি অন্যদিকে মোড় নেয়।
এ ব্যাপারে ওইদিন গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা আলম খান মুক্তি বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাদের তিন মাস জেল খাটতে হয়েছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত তা প্রকাশ হওয়ার পরও আমাদের এখনও হাজিরা দিতে হচ্ছে।”
সিআইডি পুলিশের একটি সূত্র জানায়, হামলার নেপথ্যে কারা ছিল তা বের করতে ব্রিটেনের একটি তদন্ত দলসহ দেশের বিভিন্ন সংস্থা বাংলাদেশে আসে। গ্রেনেড হামলার প্রায় দুবছর পর ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের (হুজি) বিপুল, রিপন, মিজান ও নাইম নামের চার জঙ্গিকে আটক করে সিআইডি। তাদের মধ্যে বিপুল ও রিপন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হামলার দায় স্বীকার করেছে।
সিআইডির তদন্তাধীন এ মামলার অভিযোগপত্র শিগগিরই দাখিল করা হবে বলে জানিয়েছেন সিআইডির পরিদর্শক তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান। ঘটনার তিন বছর পূর্তিকে সামনে রেখে তিনি নফহবংি২৪.পড়স--কে বলেন, “এটি ছিল জঙ্গি হামলা। তদন্তকাজ অসম্পূর্ণ থাকায় অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে। আশা করছি খুব শিগগির সেটি দাখিল করা যাবে।”
