২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক হাসপাতালের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ বোর্ড গঠন করবে পুলিশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির ঘটনায় রোগী মৃত্যুর বিষয়টি তদন্তে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রাজশাহী উপ পুলিশ কমিশনার (পূর্ব) নাজমুল করীম খান জানান, এই বিশেষজ্ঞ বোর্ডের মতামতের ওপর ভিত্তি করে মামলার পরবর্তী তদন্ত কাজ চলবে। দু’একদিনের মধ্যেই আদালতের অনুমতি সাপেক্ষে এ ব্যাপারে মহানগর পুলিশ কমিশনার একটি চিঠি ইস্যু করবেন।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার জয়দেব চৌধুরী জানান, গত বুধবার রামেক হাসপাতালে নিহত রোগী সীমার মা নূরজাহান বেওয়ার দায়ের করা মামলায় কারও নাম নেই। নাম উল্লেখ না করে শিক্ষানবিশ চিকিৎসকদের আসামী করায় পুলিশ ওইদিনে হাসপাতালে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের তালিকা সংগ্রহ করছে। নাম পাওয়ার পর তাদের দায়িত্ব পালনের স্থান ও সময় হিসাব করে যাচাই--বাছাইয়ের কাজ চলছে বলে তিনি জানান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত দলটি সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে রোববার রাজশাহী ছেড়েছেন। তারা আগামী মঙ্গলবার স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত রিপোর্ট জমা দেবেন।