২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি চ্যানেলগুলো অর্ধসত্য প্রচার করছে: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

দেশের টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ভুয়া ও অর্ধসত্য তথ্য প্রচারের অভিযোগ এনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। শনিবার বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “টিভি চ্যানেলগুলো তাদের টক শোতে দেশের অবস্থা যেভাবে তুলে ধরছে পরিস্থিতি আসলে ততোটা খারাপ না। টক শোতে আমরা যা শুনি তা অর্ধসত্য।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সালেহউদ্দিন আহমেদ বলেন, “সরকার অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে শৃঙ্খলা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ভালোই এগিয়েছে।  কিন্তু এসব বিষয় টিভি অনুষ্ঠানগুলেতে আসছে না।”

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “আমি যথেষ্ট আশাবাদী। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অর্থনীতিসহ অনেক ক্ষেত্রেই ভালো করছে বাংলাদেশ।”

ব্যাংকারদের প্রতি গ্রাহক সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণ ও আমানতের সুদের হারের পার্থক্য কমিয়ে আনা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ব্যবসায়ী ব্যাংক ঋণের সুদ কমানোর দাবি জানালে গভর্নর বলেন, “বিশ্বায়নের এই যুগে এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের তেমন কিছু করার নেই।”

গভর্নর জানান, দেশে এখন ৪৯ টি ব্যাংক ও ২৯টি লিজিং প্রতিষ্ঠান কাজ করছে। আমাদের দেশের জন্য এই সংখ্যা যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামালউদ্দিন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেইন খালেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোশিয়েশনের সভাপতি আব্দুল হাই সরকারসহ বিশিষ্ট ব্যবসায়ীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।