চট্টগ্রামের রাউজানে ডাকাতের হামলায় গৃহকর্তা খুন
জেলার রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় শনিবার মধ্যরাতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহমদ শরীফ (৬৫) নামে এক গৃহকর্তা খুন হয়েছেন।
পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত রাত একটার দিকে পশ্চিম গুজরার দোলখালী গ্রামের আহমদ শরীফের বাড়িতে দরজা ভেঙে ঢোকার সময় গৃহকর্তা বাধা দেন। এ সময় ডাকাতরা চাপাতি ও দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় এবং লুটপাট চালিয়ে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় শরীফকে পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, এর আগে ডাকাতদের এই দলটি একই গ্রামের নুরনবীর বাড়ি থেকে একলাখ টাকার মালামাল লুট করে বলে থানায় অভিযোগ এসেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
