সাতক্ষীরায় বিডিআর বিএসএফ গোলাগুলি
সীমান্তের তিনটি পয়েন্টে রোববার বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলার তলুইগাছা ও কুশখালি এবং দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তে দু’দেশের সীমান্ত রক্ষীদের এ গোলাগুলি হয়।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর কামরুল হাসান জানান, গত ১টা ১৫ মিনিটে ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার আমুদিয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে তলুইগাছায় বাংলাদেশ সীমান্ত লক্ষ করে ৯৫ রাউণ্ড গুলি ছোড়ে। তখন বিডিআরও পাল্টা ১১৯ রাউণ্ড গুলি চালায়।
রাত ৩টার দিকে খলিসা ফাঁড়ির বিএসএফ সদস্যরা সীমান্তের মেইন পিলারÑ১১ এর কাছে ৮০ রাউন্ড গুলি চালায় বলে বিডিআরের ওই কর্মকর্তা জানান। এর জবাবে বিডিআর কুশখালি ফাঁড়ির সদস্যরা ১১৯ রাউন্ড গুলি ছোড়ে।
মেজর কামরুল আরও জানান, সকাল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর ফাঁড়ির বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়লে ভাতশালা ফাঁড়ির বিডিআর সদস্যরা পাল্টা চার রাউন্ড গুলি চালায়।
সীমান্তে মোট ৪০৮ রাউন্ড গোলাগুলির এ ঘটনায় কেউ হতাহত হননি।
