আমান ও তার স্ত্রীর মামলার শুনানি সোমবার
সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ একদিন মুলতুবি করেছে আদালত।
রোববার সাবেরা আমানকে আদালতে হাজির না করায় বিশেষ জজ আদালত--১ এর বিচারক মোহাম্মদ ফিরোজ আলম সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এর আগে গত ৯ মে সাবেরা আমান সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত--এ হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ১৬ মে মামলার অভিযোগ গঠন করে আদালত রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে। সকাল সাড়ে ১০টায় আমানউল্লাহ আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে সাবেরা আমানকে কেন আদালত হাজির করা হয়নি তা জানা যায়নি।
সাবেরা আমানের আইনজীবী শেখ মোস্তাফিজুর রহমানও এবিষয়ে কিছু বরতে পারেননি। তিনি বলেন, তার মক্কেলকে হাজির না করার কারণ জানায়নি আদালত।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন আমান উল্লাহ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
