শাবিতে ইউজিসির তদন্ত কমিটি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন তদন্ত কমিটির আহ্বায়ক ড. এম মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. সুলতান হোসেন ও মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিজানুর রহমান।
ড. মাহবুব উল্লাহ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্যে তদন্ত কমিটি কাজ করছে। যে সমস্ত অভিযোগ আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে কী কী বিষয়ে তদন্ত করছেন তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
প্রশাসনিক একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোসলেহ উদ্দিন আহমেদ এর সময়ে বিভিন্ন নিয়োগ ও দরপত্রে অনিয়ম এবং দুর্নীতিসহ বর্তমান প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে তদন্ত চলছে।
