চাঁপাইনবাবগঞ্জ ও বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ ও বরগুনায় শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শহরের শান্তিবাগ এলাকায় শনিবার দুপুরে রাজশাহীগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী ফাহাদ হোসেন (১৮) ও ইউসুফ। পরে হাসপাতালে মারা যান ফাহাদ হোসেন।
ফাহাদ শহরের হরিপুরের কোরবান আলীর ছেলে। ইউসুফ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। ইউসুফকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে শান্তিবাগ এলাকায় মোটর সাইকেলটি চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে উঠার সময় রাজশাহীগামী একটি ট্রাক এটাকে ধাক্কা দেয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বরগুনা প্রতিনিধি জানান, বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেন সিকদার মোটর সাইকেলের ধাক্কায় শনিবার দুপুরে নিহত হন।
পুলিশ জানায়, বামনা-ডৌয়াতলা সড়কে শরীফ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় আলতাফ হোসেনকে ধাক্কা মারে মটর সাইকেলটি। আহত অবস্থায় তাকে বামনা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর একটার দিকে তিনি মারা যান।
বামনা থানার উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মোটর সাইকেল চালককে গ্রেপ্তার করা যায়নি।
