রিমান্ড শেষে মুফতি শহিদুল কারাগারে
সাবেক সাংসদ ও খেলাফত মজলিসের প্রধান শহিদুল ইসলাম ওরফে মুফতি শহিদুলকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার ঢাকার মহানগর হাকিম সৈয়দ মো. মুজিবুল হক এ আদেশ দেন। একই সঙ্গে মুফতি শহিদুলকে আগামী ৪ জুন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬(২) ধারায় গত ৮ ফেব্রুয়ারি মুফতি শহিদুলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ওই দিনই আদালতে হাজির করে মুফতি শহিদুলকে সাত দিনের রিমান্ডের আবেদন জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান। মহানগর হাকিম আলী রেজা তখন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুফতি শহিদুলের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার মদদদানের অভিযোগসহ দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে।
