নির্বাচন কমিশন জেদ করে ১৮ মাস সময়সীমার কথা বলছে: জলিল
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৮ মাসের সময় যুক্তি নয় বরং কমিশনের জেদেরই বহিঃপ্রকাশ। এরকম জেদ না ধরে শিগগির নির্বাচন করলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে।
শনিবার সকালে গুলশানে নিজ বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশন ১৮ মাসের যে সময়সীমার কথা বলছে তা তাদের জেদের বহিঃপ্রকাশ। কশিমনের উচিত হবে জেদ ধরে বসে না থেকে সেনাবাহিনী যেন দ্রুত ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে পারে সেজন্য তথ্য সরবরাহসহ অন্যান্য কাজে সহায়তা করা।”
ভোটার তালিকা করার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল বলেছেন ছয় মাস লাগবে অন্যদিকে নির্বাচন কমিশন বলছে ১৮ মাস সময় লাগবে। এ বিষয়ে জলিলের মতামত জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ছয়মাসের যে হিসাব দিয়েছে তা যুক্তিসঙ্গত।”
রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জলিল বলেন, “আমরা নিবন্ধনের পক্ষে। তবে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা প্যাড বা সিলমোহর সম্বলিত দলকে নিবন্ধন দেওয়া ঠিক হবে না। এভাবে নিবন্ধন দিতে গেলে ৫০টিরও বেশি দলকে নিবন্ধন দিতে হবে।”
নিবন্ধন দেওয়ার বিষয়ে একটি নীতিমালা ঠিক করে এবং এক্ষেত্রে বিগত নির্বাচনগুলোতে ভোটের আনুপাতিক হার হিসাব করে নিবন্ধন দেওয়া উচিত বলে মনে করেন আব্দুল জলিল।
গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মহাজোটের শরিক দল গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তিনি আর মহাজোটের সঙ্গে নেই। এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে জলিল বলেন, “আগে দেখতে হবে কামাল হোসেন যে কথা বলেছেন সেটা তার না তার দলের কথা। কারণ কামাল হোসেনের গণফোরাম এখনও আমাদের সঙ্গে আছে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দল হওয়ার যে কথা হচ্ছে সে দলে আওয়ামী লীগের কোনো নেতা যোগ দিবে কিনা এ ব্যাপারে জলিল বলেন, “আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি আওয়ামী লীগের কেউ নতুন দলে যোগ দেবে না।”
