২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পূর্ণ ও কার্যকর গণতন্ত্র দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে পূর্ণ ও কার্যকর গণতন্ত্র দেখতে চায় যুক্তরাষ্ট্র। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচিতে সন্তষ্ট হলেও যুক্তরাষ্ট্র সরকার আশা করছে, বাংলাদেশে খুব শিগগিরই নির্বাচনের স্পষ্ট দিন-তারিখ ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 12:32 AM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসাইনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার এভাবে তার দেশের অবস্থান তুলে ধরেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে রিচার্ড বাউচার বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তৌহিদ হোসাইনের কাছে জানতে চান। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তার সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। তবে তিনি বলেন, এসব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইন মানা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।

বাউচার আরো বলেন, তার সরকার আশা করছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার শিগগিরই একটি স্পষ্ট সময়সীমা ঘোষণা করবে।

এছাড়া বৈঠকে দু’দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় রিচার্ড বাউচার ও তৌহিদ হোসেন দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্টরাইট, বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক কার্যালয়ের পরিচালক মিজ কারেন অ্যাগুইলার, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শেখ মোহাম্মদ বেলাল ও মিনিস্টার (রাজনৈতিক) গোলাম সারওয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।