নীলফামারীতে এভিয়ান ফ্লু আক্রান্ত ২ হাজার হাঁস--মুরগি--কবুতর নিধন
জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে শুক্রবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত প্রায় দুই হাজার হাঁস--মুরগি ও কবুতর মেরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই নিধন অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ উদ্দীন, ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদ, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. নুরুল হুদা এবং পুলিশের উপ--পরিদর্শক আসগর আলী।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী জানান, ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত দক্ষিণ বেরুবন্দ গ্রামের ১৭টি পরিবারের ৭৬টি হাঁস--মুরগি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় মারা যায়। মারা যাওয়া এসব হাঁস--মুরগির নমুনা ঢাকার সাভারের পশুরোগ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. নুরুল হুদা জানান, দক্ষিণ বেরুবন্দ গ্রামের তাইবুল ইসলামের মারা যাওয়া মুরগির নমুনা সংগ্রহ করে গত ১৬মে পরীক্ষার জন্য সাভারের পশুরোগ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়।
বৃহস্পতিবার গবেষণাগার থেকে পাঠানো প্রতিবেদনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এক হাজার ১০৪টি মুরগি, ৪৮টি হাঁস ও ১২৪টি কবুতর মেরে মাটির ৬ ফুট গভীরে পুঁতে রাখা হয়। এ ছাড়াও বিনষ্ট করা হয় হাঁস, মুরগি ও কবুতরের ৩৭১টি ডিম।
গত ১০ মে একই উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা গ্রামের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত প্রায় সাড়ে চার হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়।
