বন্দুকের নল সরিয়ে ফুটবল খেলল বিডিআর--বিএসএফ
সীমান্তের দুপাশ থেকে বিডিআর--বিএসএফের মধ্যে কোনো গোলাগুলির শব্দ নেই। পাহাড়ের নৈঃশব্দ ভেঙে হঠাৎ শোর উঠছে, ‘গোল’ ‘গোল’ আর পরক্ষণেই তুমুল হাততালির শব্দ। বিডিআর--বিএসএফ জওয়ানরা একে অপরের ওপর কঠোর নজরদারি ফেলে রেখে সোমবার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত শহর ডাউকিতে মেতে উঠেছিলেন এমনই এক ফুটবল--আনন্দে।
এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্যরে এক দৃষ্টান্ত গড়েছেন তারা। দৃশ্যটি সত্যিই অভাবনীয়। দুদেশের জওয়ানরা অবিশ্বাস ও সন্দেহ দূরে ঠেলে একটি মাঠে জড়ো হয়ে খেলছে ফুটবল। অন্য জওয়ানরা অস্ত্র নামিয়ে উৎসাহ জোগাচ্ছে নিজ নিজ দলকে। আর জওয়ানদের পরিবার মেতেছে গল্প--গুজবে। একসঙ্গে ঘুরছে, খাচ্ছে, কেনাকাটা করছে। জানাচ্ছেন স্মিতা মিশ্র
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এই মেলবন্ধনের উদ্যোগ এই প্রথম। একথা মনে করিয়ে দিয়ে বিএসএফের আসাম--মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পি কে মিশ্র বলেছেন, “সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে খেলার কোন বিকল্প নেই। এটা আমাদের প্রথম বন্ধুত্বপূর্ণ উদ্যোগ, আমাদের জন্যই একটা মহৎ দিনও বটে।”
মিশ্র জানান, বিএসএফ সদস্যদের স্ত্রীদের কল্যাণ সমিতির একটি দল বর্তমানে বিডিআর সদস্যদের স্ত্রীদের কল্যাণ সমিতির সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ সফর করছে। তাঁর ভাষায়, “আমাদের স্ত্রীরা যখন সম্পৃক্ত হতে পেরেছে, আমরাও নিশ্চিতভাবেই বন্ধু হবোই।”
২৭ সদস্যের বিডিআর দলের নেতৃত্বদানকারী সিলেট সেক্টর কমান্ডেন্ট কর্নেল আবুল হোসেন তো আরও এককাঠি সরেস। ফুটবল খেলা দেখতে গিয়ে তিনি দিব্যি বিএসএফের সমর্থক বনে যান। নির্দ্বিধায় তিনি স্বীকারও করেন তা। বললেন, “এটা ছিল সত্যিই একটা প্রীতি ম্যাচ এবং আমি বিএসএফের সমর্থক ছিলাম।”
খেলায় ৪--০ শূন্য গোলে বিএসএফ জেতার পর বিডিআর কোচ এন এম জোয়ার্দ্দার বলেছেন, তার ছেলেরা পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করবে।
খেলা শেষে বিএসএফ এবং বিডিআর সদস্যদের পরিবারের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। মেলায় উভয়দেশের জওয়ানদের স্ত্রীরা রান্নাবান্না, শাড়ি আর সাজগোজ নিয়ে গল্পে মেতে উঠেন। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল তাদের কেনাকাটা।
২০০১ সালে ভারতীয় ছিটমহল পিরুধায় বিডিআরের অনুপ্রবেশ, এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশের বড়ইবাড়িতে বিএসএফের অনুপ্রবেশ এবং সেখানে দুপক্ষের বন্দুকযুদ্ধে ১৪ জন ভারতীয় সৈন্যের মৃত্যুর ঘটনার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনায় আরও ঘৃতাহুতি দেয় বাংলাদেশ সীমান্তে ভারতের সীমানা বেড়া নির্মাণের উদ্যোগ। জিরো লাইনে বেড়া নির্মাণের এ ঘটনায় বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পারস্পরিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে।
সোমবার মেঘালয়ের ডাউকিতে আয়োজিত এই প্রীতি ম্যাচ আর মিলনমেলাকে সাম্প্রতিক বছরগুলোতে বিডিআর ও বিএসএফের মধ্যে বিদ্বেষ নিরসনে একটি অন্যতম উদ্যোগ বলেই ধরে নেওয়া হচ্ছে।
