২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৪২ টি রুটে বাস ভাড়া বাড়ছে শনিবার থেকে

চট্টগ্রাম থেকে ৪২টি রুটে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের ভাড়া শনিবার থেকে বাড়ছে। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন বাস মালিক সমিতি সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা কার্যকর করার এই সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ নফহবংি২৪.পড়স কে জানান, সরকারের নির্ধারণ করে দেওয়া নতুন তালিকা অনুযায়ী আগামীকাল (শনিবার) থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার, তিন পার্বত্য জেলা, কাপ্তাইসহ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। 

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বাড়বে কিলোমিটার প্রতি সাত পয়সা। নতুন এই হার অনুযায়ী ৫৫ আসনবিশিষ্ট প্রতিটি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া আদায় করা হবে ৮৭ পয়সা। অন্যদিকে মিনিবাসের ক্ষেত্রে তা দাঁড়াবে ৯০ পয়সা।   

গত ৯ মে জেলা প্রশাসনের সঙ্গে মালিক সমিতি, বিআরটিএ এবং পুলিশ প্রশাসনের এক যৌথ সভায় এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত ও অনুমোদন করা হয় বলে বাস মালিক সমিতির সভাপতি জানান।

তেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় তারা ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

অনেক রুটে এরইমধ্যে সরকারের বর্ধিত ভাড়ার দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে এমন  অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কারও বিরুদ্ধে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আবুল কালাম দাবি করেন, ভাড়া বাড়ানো নিয়ে তাদের আওতাধীন রুটগুলোতে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেবে না। প্রতিটি কাউন্টারে ও বাসে নতুন ভাড়া তালিকা টাঙানোর জন্যও বাস মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ--কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলী জানান, বিআরটিএ এর অনুমোদনক্রমে চট্টগ্রামে নতুন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে নগরীর রুটগুলোতে কিংবা অন্য কোথাও বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন।

তবে চট্টগ্রাম থেকে উত্তর দিকের জেলাগুলোতে চলাচলকারী আন্তঃজেলা বাসের ভাড়া এখনই বাড়ছে না। চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা কিংবা এসব জেলার অভ্যন্তরে বাসের ভাড়া তারা এখনই বাড়ানোর চিন্তা--ভাবনা করছেন না।

তিনি বলেন, নতুন তালিকা অনুযায়ী এখন ভাড়া বাড়াতে গেলে যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে তারা ভাড়া বাড়ানোর ঝুঁকি নিচ্ছেন না। দেশের অন্যান্য স্থানে যখন ভাড়া বাড়বে তখন তারাও তা বাড়াবেন।