২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কট এক বছরের মধ্যে কাটছে না

আগামী এক বছরের মধ্যে দেশে বিদ্যুৎ সঙ্কট কাটার কোনও আশা দিতে পারলেন না বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তিনি বলেছেন, আগামী বছরের আগস্টÑÑসেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হওয়া কোনও সুযোগ নেই। এখনই উদ্যোগ নিলে আমদানি করা বিদ্যুৎ ওই সময়ে গ্রিডে যুক্ত করা সম্ভব। আর বৃহস্পতিবার একনেকে যে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত পাশ হয়েছে, তাতে ২০১০Ñ১১ সাল নাগাদ ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

শুক্রবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত “মিট দ্য এনার্জি রিপোর্টার্স” এ তথ্য জানান উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহারের ওপরও জোর দেন তিনি।

তপন চৌধুরী বলেন, নতুন কেন্দ্রগুলো চালু হলে ২০১০-১১ সাল নাগাদ দেশে আরও ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ জন্য চাপ পড়বে গ্যাসের ওপর। এরপর কী হবে, তা আমরা জানি না। কারণ নতুন করে গ্যাস পাওয়া যায়নি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি দেশের বিদ্যুতের সত্যিকার চিত্র কখনই দেওয়া হয়নি। উৎপাদন ও প্রাপ্তির মধ্যে বিশাল ফারাক রয়েছে। এ মুহূর্তে বলা যাচ্ছে, কিছু দিনের মধ্যে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। সংস্কার চলছে এমন বিদ্যুৎ কেন্দ্র থেকে জুন মাসের মধ্যে আরও ২০০ মেগাওয়াট যুক্ত করার চেষ্টা চলছে। নতুন করে উৎপাদনের আর কোনও সুযোগ নেই।

এবারের বাজেটে বিদ্যুৎ খাতে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তপন চৌধুরী।

বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আণবিক শক্তি ব্যবহারের বিষয়টি সময় সাপেক্ষ। তবে তিনি জানান, মিয়ানমার থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ে আগামী জুনে সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হচ্ছে। আমাদের একটি খসড়া কয়লা নীতি রয়েছে। ইউএনডিপি একটি খসড়া জ্বালানি নীতি তৈরি করে দিয়েছে, যার মধ্যে কয়লা নীতিও যুক্ত রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি খসড়া নীতি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। যদি পর্যালোচনা করে দেখা যায় ইউএনডিপির নীতিটি গ্রহণযোগ্য, সেটাই জমা দেওয়া হতে পারে।

তপন চৌধুরী একই সঙ্গে বলেন, আমাদের ক্লোজ পিট কয়লা খনির অভিজ্ঞতা সুখকর নয়। এটা বিপজ্জনকও। বড় পুকুরিয়ায় ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০০ মেগাওয়াট। ২০০০ টন চাহিদার বিপরীতে কয়লা পাচ্ছি ১৫০০ টন। ৫০০ টন আমদানি করেই চালু রাখতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। তা না হলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটবে।

ফুলবাড়িবাসীর সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তি, না এশিয়া এনার্জির সঙ্গে সম্পাদিত চুক্তি, কোনটি বাস্তবায়িত হবেÑ  জানতে চাইলে তপন চৌধুরী বলেন, এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।

শেভরনের বিরুদ্ধে পেট্রোবাংলার দায়ের করা মামলা তুলে নিতে বিদেশি রাষ্ট্রের চাপে দেওয়ার অভিযোগের বিষয়েও তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব জাফর উল্লাহ খান. পিডিবি চেয়ারম্যান খিজির খান, পেট্রোবাংলার চেয়ারম্যান শেখ আবদুর রশিদ, ডেসার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ, এনার্জি রিপোর্টার্স ফোরামের চেয়ারম্যান মোল্লা আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সবুজ ইউনুস প্রমুখ।