২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের রাজনীতি নয়, দলে গণতন্ত্র আছে কি না সেটাই গুরুত্বপূর্ণ: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মতে, বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র বা কিছু নির্দিষ্ট পরিবারের হাতে সব ক্ষমতা থাকা উচিত নয়। তবে তিনি এও মনে করেন, রাজনীতি থেকে পারিবারিক ঐতিহ্য বাদ দেওয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 12:19 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নিজেকে শতভাগ সংস্কারের পক্ষের লোক দাবি করে মেনন বলেন, “রাজনৈতিক দলগুলো হলো স্বেচ্ছামূলক সংঘ। কেউ তো বলে দিতে পারবে না রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে। উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে জনগণ যেনো ভাব প্রকাশ করতে পারে তা নিশ্চিত করেই সংস্কার করতে হবে।”

নফহবংি২৪.পড়স কে গুলশানের বাসায় বসে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাশেদ খান মেনন এ কথা বলেন।

এখন পর্যন্ত রাজনীতিবিদদের বাদ দিয়ে, তাদের হেয়প্রতিপন্ন করার জন্য সংস্কারের বথা বলা হচ্ছে বলে রাশেদ খান মেনন মনে করেন। তিনি বলেন,“ কিন্তু, দিনের শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবেন। তাই সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতেই হবে।”

মেনন জানান, তিনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে।

তিনি বলেন,“একটি দলে একই পরিবারের লোকেরা আছে  কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। দলের মধ্যে গণতন্ত্র আছে কি না সেটাই গুরুত্বপূর্ণ। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাই জরুরি। মাওলানা ভাসানী তো দীর্ঘদিন ন্যাপের সভাপতি ছিলেন। কেউ তো সেটা নিয়ে প্রশ্ন তোলেনি। তাছাড়া আমার পুরো পরিবারই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।”

রাজনৈতিক দলগুলোর কিছু নেতা সংস্কার নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। এর কিছুটা সমালোচনা করেই মেনন বলেন,“কেউ যদি বলে, একজন দু’বারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না, তা ঠিক হবে না। মার্গারেট থেচার ও টনি ব্লেয়ার তো তিনদফায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। সংসদীয় গণতন্ত্রে তো কেউ বলতে পারবে না যে একজন দু’বারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবেন না।”

নিজ দলের বিষয়ে বলতে গিয়ে মেনন বলেন, ওয়ার্কার্স পার্টিতে কেউ বিনা প্রতিদন্ধিতায় কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারে না। কোনো পদে যদি একজন প্রার্থীও থাকে তাহলে তাকে সম্মেলনে মোট কাউন্সিলদের ৫০ শতাংশ ভোট পেতে হয়।

মেনন কিছুটা ক্ষোভের সুরে বলেন, “এখন যারা রাজনীতেতে সংস্কারের কথা বলছেন তার মধ্যে এক দল আছে যারা সুশীল সমাজ হিসাবে পরিচিত। রাজনীতিকরা এতোদিন ধরে যে কথাগুলো বলে এসেছেন এখন তারাই সে কথাই বলছে। কিন্তু, আমরা যখন সংস্কারের কথা বলেছিলাম তখন তারা আমাদের সমর্থন করেনি।”

তিনি বলেন, বাংলাদেশে সামরিক সরকারগুলোর সময় থেকেই রাজনীতিতে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন শুরু হয়। এখন রাজনীতি থেকে আদর্শ ও গণতন্ত্রের চর্চা চলে গেছে। ৯০’ এর পর থেকে পাচঁ দল, বামফ্রন্ট, ১১ দল এবং সবশেষে মহাজোটের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া সংস্কার করতে গেলেই রাজনৈতিক দলগুলোরও সংস্কারের প্রশ্নটা চলে আসে।