নরসিংদীতে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর যাবজ্জীবন
ফেনসিডিল রাখা ও বিক্রির অভিযোগে মো. মিজানুর রহমান (৪৫) নামে এক রেলওয়ে পুলিশ ও তার স্ত্রী খোরশেদা বেগমকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী এ এম জয়নাল আবেদীন বৃহস্পতিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০০৫ সালের ১৭ ফেব্র“য়ারি সকাল সাড়ে ৭টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী সার্কেল এর পরিদর্শক আজিজুল ইসলাম ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে শহরের বৌয়াকুড় মহল্লায় রেলওয়ে পুলিশের কনস্টেবল (নং ৫১১) মো. মিজানুর রহমান ও তার স্ত্রী খোরশেদা বেগমের বসতঘরের খাটের নিচ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় মিজানুর রহমান ও তার স্ত্রী খোরশেদাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে আজিজুল হক নিজে বাদী হয়ে নরসিংদী সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
বিচারক তার রায়ে বলেন, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে আসামী দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় এই দণ্ড দেওয়া হলো।
সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমান কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন বনটেক গ্রামের আ. আজিজের ছেলে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট খালেদ আহমেদ লিংকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ এন অলিউল্লাহ।
