চট্টগ্রামে অপহরণের অভিযোগে র্যাবের সদস্যসহ গ্রেপ্তার ২
নগরীতে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ নেওয়ার সময় জিইসি মোড় থেকে বৃহস্পতিবার বিকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণকারীদের মধ্যে র্যাবের একজন সদস্য রয়েছে। (সংশোধিত)
আটককৃত দুই অপহরণকারী হলেন-- সেলিম মিয়া (৪২) ও মো. রাশেদ (২৫)। সেলিম মিয়া র্যাব--৭ এ অতিরিক্ত উপ পরিদর্শক পদে কর্মরত বলে খুলশী থানা পুলিশ জানিয়েছে।
অপরদিকে রাশেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এবং তিনি নগরীর ফ্রি পোর্ট এলাকার পোস্ট অফিস গলিতে তার মামার বাসায় থাকে।
খুলশী পুলিশ জানায়, মেডিকেলের সার্জিস্কোপ ক্লিনিক থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ওষুধ ব্যবসায়ী নুর ইসলাম বৃহস্পতিবার দুপুর একটার দিকে তার স্টেশন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে অপহৃত হন। অপহরণকারীরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে তার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা টাকা নিয়ে বিকাল চারটায় জিইসি মোড়ের জামান হোটেলে আসতে বলে।
এ ঘটনা অপহৃতের পরিবার খুলশী থানা পুলিশকে জানালে পুলিশ হোটেল জামান থেকে অপহরণকারীদের গ্রেপ্তার এবং নুর ইসলামকে উদ্ধার করে।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ--পরিদর্শক শামসুল ইসলাম জানান, আটককৃত দুইজনের মধ্যে সেলিম মিয়া র্যাব--৭ এ অতিরিক্ত উপ পরিদর্শক হিসাবে কর্মরত। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে র্যাব--৭ এর স্টাফ অফিসার এএসপি শরিফুল ইসলাম জানান, তারা র্যাবের একজন সদস্য আটক হওয়ার কথা শুনেছেন। সেলিম নামে পুলিশের এই হাবিলদার বর্তমানে চিকিৎসা ছুটিতে আছেন।
তিনি জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় এবং ফৌজদারী কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
