২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় পৌর চেয়ারম্যান ফের ৩ দিনের রিমান্ডে

পঞ্চগড় পৌরসভা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ--সভাপতি তৌহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও তিনদিনের রিমান্ডে নিয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমানের আদালতে পুলিশ তাকে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, মামলার বাদী পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে থানার উপ পরিদর্শক সিদ্ধার্থ শংকর দে আদালতকে  জানান, পৌর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক হওয়ার আগে জরুরি ক্ষমতা বিধিমালা লঙ্ঘন করে বর্তমান সরকারকে উৎখাতের জন্য পঞ্চগড়ের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেছেন। এ ষড়যন্ত্রে তার সঙ্গে আর কারা ছিলেন সে ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

বিবাদী পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট এ হাসান প্রধান রিমান্ডের বিরোধিতা করেন।

এদিকে তেঁতুলিয়া থানায় দায়ের করা অন্য একটি প্রতারণা মামলায় পৌর চেয়ারম্যানকে পুলিশ আরও পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। আদালত এ মামলায় তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এর আগে পঞ্চগড় থানায় দায়ের করা  আরও একটি প্রতারণা মামলায় পুলিশ গত ৬ মে পৌর চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। গত ৯ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ এপ্রিল তৌহিদুল ইসলামকে শহরের মসজিদ পাড়া এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ আটক করে। পরে পঞ্চগড় ও তেঁতুলিয়া থানায় তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালা লঙ্ঘনসহ প্রতারণার মাধ্যমে অর্থ আতœসাতের অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়।