সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করতে কমিশন করবে সরকার
সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করার জন্য ‘ইউটিলিটি কমিশন’ গঠনের চিন্তা করছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকায় নাগরিক সেবা বাড়ানো ও দুর্ভোগ কমানোর বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
তিনি বলেন, “সেবা সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের অভাব আছে। এদের মধ্যে সমন্বয় করতেই এই কমিশন গঠনের চিন্তাভাবনা চলছে। কমিশন গঠনের আগ পর্যন্ত সংস্থাগুলোর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রতিটি কাজ শেষ করতে হবে।”
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে কিনা সংশ্লিষ্ট কর্মকর্তা তা তদারকি করবেন বলে জানান উপদেষ্টা। এতে অবহেলা করলে ওই কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “এখন থেকে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নতুন করে কোনও ট্রেড লাইসেন্স দেবে না সিটি করপোরেশন। এছাড়া এর আগে দেওয়া লাইসেন্সগুলো পরীক্ষা করে দেখা হবে। কোনও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।”
আনোয়ারুল ইকবাল বলেন, এখন থেকে সিটি করপোরেশনের ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কোনও ড্রেন তৈরি হলে সেগুলোও রক্ষণাবেক্ষণ করবে ওয়াসা।
ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, “ট্রাফিক সিগনালের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার রাস্তাগুলোতে লেন করে দেওয়া হবে। রাস্তার বাম দিক বাস ও ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট থাকবে।”
উপদেষ্টা আরও বলেন, শহরের যেখানে সেখানে মোবাইল ফোনের টাওয়ার বসানো হয়েছে। এই টাওয়ারগুলো পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। ঝুঁকিপূর্ণ বিলবোর্ডও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
